
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটি ভোটার তালিকা ও নীতিমালা প্রণয়ন এবং তপশীল ঘোষণাসহ ভোট অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণপূর্বক নির্ধারিত সময়ে নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করবেন। সম্প্রতি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ এই নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেন।
কমিটিতে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহবায়ক, সদস্য যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা, থানার ওসি (তদন্ত), লোহাগাড়া সদর ইউপি প্যানেল চেয়ারম্যান, আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদস্য সচিব।

জানা যায়, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব ছরওয়ার আকতার বতটলী বাজারের ইজারাদার ও দোকান মালিকদের সহযোগিতায় বাজারের উন্নয়ন, হকারদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং মহাসড়কের যানজট নিরসন কল্পে একটি বাজার পরিচালনা কমিটি গঠন করার আবেদন করেন। তারই প্রেক্ষিতে বটতলী শহর পরিচালনা কমিটি গঠন কল্পে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner