
এলনিউজ২৪ডটকম: নির্বাচন ছাড়াই লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দকে শোকজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে না কেন—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিচারপতি মো. রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিট পিটিশন নং-১০১৬৭/২০২৬-এর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
রিটটি দায়ের করেন লোহাগাড়া যুব একাডেমির সভাপতি ও ক্রীড়া সংগঠক ইফতেখারুল আজম টুটুল।

রিটে অভিযোগ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের ৩০ এপ্রিল ২০২৫ তারিখের নির্দেশনা এবং লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ না করে গত ৭ জুলাই উপজেলা ক্রীড়া সংস্থার একটি আহ্বায়ক কমিটি প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়। রিটকারীর দাবি, কমিটি গঠনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজন করা হয়নি।
এ ঘটনায় এর আগে গত ১৯ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে বিতর্কিত কমিটি বাতিলের জন্য লিখিত আবেদন করেন রিটকারী ইফতেখারুল আজম টুটুল। তবে পরবর্তীতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুৎফী জাহান পূর্ণিমা।
প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন—নির্বাচন ছাড়া গঠিত লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি কেন বাতিল করা হবে না এবং নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না।
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner