Home | ব্রেকিং নিউজ | বিএনপি প্রকৃত ইসলামের আদর্শে বিশ্বাসী: ইদ্রিস মিয়া

বিএনপি প্রকৃত ইসলামের আদর্শে বিশ্বাসী: ইদ্রিস মিয়া

এলনিউজ২৪ডটকম: দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রকৃত ইসলামের আদর্শে বিশ্বাসী। আমরা ইসলামের রাজনীতি করি না, মদিনার ইসলামে বিশ্বাস করি। ইসলামকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যারা ঘরে ঘরে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জনগণের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য আমরা ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে চাই। যাতে বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলা সদরে অবস্থিত মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ মো. রেজাউল কবির।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী ও সালাহ উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!