ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বন্যাদুর্গতদের জন্য বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের জন্য বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) একই পরিষদের ৬ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী হলেন ইউপি সদস্য যথাক্রমে আবু বক্কর ছিদ্দিক, মামুনুর রশিদ চৌধুরী, শামসুল আলম, মো. রফিক উদ্দিন, মুহাম্মদ ওসমান ও আনোয়ারা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি তহবিল থেকে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদে ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্যানেল চেয়ারম্যান আজিজুল হক দুর্যোগ কবলিত মানুষের মধ্যে চাল বিতরণ না করে পুরো বরাদ্দ নিজের ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ করেছেন। এতে সরকারি ত্রাণ আত্মসাতের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি পরিষদের অন্যান্য সদস্যরা প্যানেল চেয়ারম্যানকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বরং ক্ষমতার অপব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জানান, সম্প্রতি বন্যায় তার ওয়ার্ডের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তার ওয়ার্ডের একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিও সরকারি বরাদ্দের চাল পাননি। সরকারিভাবে বরাদ্দের চাল বিতরণের ব্যাপারেও পরিষদের কোনো সদস্য জানানো হয়নি। করা হয়নি কোনো রেজুলেশন।

প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানান, দুই দফায় সরকারি চাল উত্তোলনের পর একই রাতে বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয়ের কোনো নির্দেশনা না থাকায় তা করা হয়নি। এছাড়া বন্যাকালীন মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দকে ফোন করলে সাড়া পাওয়া যায়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির জানান, অভিযোগের ব্যাপারে অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!