Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

লোহাগাড়ায় দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মো. রাশেদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরা ডলুকুল এলাকার মো. সেলিমের পুত্র। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর স্ত্রী উম্মে আয়মন ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত রাশেদুল ইসলাম উপজেলার আধুনগর বাজারের একজন ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে একটি ভবনে ভাড়া বাসায় থাকেন। গত বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে রিক্সাযোগে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী রাশেদুল ইসলাম। পথে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় পৌঁছলে একটি টেক্সি রিক্সাকে গতিরোধ করে। এ সময় টেক্সি থেকে কয়েকজন অজ্ঞাতনামা লোক নেমে রিক্সাচালককে মারধর করে। পরে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে টেক্সিতে তুলে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী রাশেদুল ইসলামকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। এতে অপহৃত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। এছাড়া পরিবারের অভিযোগ, একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে এ ঘটনায় কোনো ধরণের আইনগত ব্যবস্থা না নিতে বলা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!