
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে থানা পুলিশের পক্ষ থেকে এ প্রচারণা চালানো হয়। পাশাপাশি বিদ্যালয়গুলোর সামনে বখাটেদের উৎপাত রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ও পদুয়া শামসুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়। সভায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুর রহমানসহ পুলিশের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
ওসি আরিফুর রহমান জানান, কিশোরগ্যাং কিংবা অন্য যেকোন অপরাধে জড়ানোর কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। কোন নারী বা শিশু সহিংসতার শিকার হলে আতংকিত না হয়ে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। সেই সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে থানা পুলিশের সাপোর্ট নিতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কান্ডারী। মাদক, ইভটিজিং ও অপরাধ থেকে সবাইকে দূরে থাকতে হবে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশ আপনাদের বন্ধু, আমরা আপনাদের পাশে আছি সবসময়। সমস্যায় পড়লে ভয় না পেয়ে পুলিশকে জানাবেন।
Lohagaranews24 Your Trusted News Partner