
নিউজ ডেক্স: সাতকানিয়া উপজেলার চরতিতে মারজাহান (২২) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত বুধবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ চরতি তুলাতলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মারজাহান ওই এলাকার আব্দুল কাদেরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর পূর্বে মারজাহানের বিয়ে হলেও এক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের কোনো সন্তান ছিল না। বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। গতকাল বুধবার গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাবার বসতঘরে দরজা ভেতর থেকে বন্ধ দেখে তা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মারজাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner