নিউজ ডেক্স: চট্টগ্রাম নগরীতে বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ইছু মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় দীর্ঘ ২৩ বছর পর বিচারিক রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, নিহত ইছু মিয়া নগরের বহদ্দারহাট এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন। তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আসামি জামাল উদ্দিন। তবে সেই প্রস্তাবে রাজি হননি ইছু মিয়া। এরপর থেকেই তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়।
২০০৩ সালের ৮ জানুয়ারি ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বিসিক ভবনের পাশের একটি কবরস্থানের ঝোপ থেকে ইছু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করল আদালত।
Lohagaranews24 Your Trusted News Partner