
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টায় মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিকদার (৫০)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার হাজী আবুল কাশেমের পুত্র ও ৪ সন্তানের জনক। নিহতের নিকটাত্মীয় সৌদি প্রবাসী গোলাম মোস্তফা মৃত্যুর সংবাদটি পরিবারের কাছে জানিয়েছেন।
নিহতের ফুফাত ভাই নুরুল আবছার জানান, প্রায় ১৮ দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হন আবু বক্কর সিকদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সৌদি আরবের মক্কায় একটি দোকানে চাকুরী করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

স্থানীয় ইউপি সদস্য লেয়াকত আলী জানান, সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু বক্কর সিকদার নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ তার পরিবারের কাছ থেকে অবগত হয়েছি। এদিকে, আবু বক্কর সিকদারের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner