
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অস্ত্রেরমুখে জিম্মি করে ৬ বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আবদুর রশিদ, মো. আরিফ, মো. রাশেদ, মো. ইউসুফ, মো. ফরহাদ ও জান্নাত আরা।

ক্ষতিগ্রস্তরা জানান, গভীর রাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাতদল প্রথমে কৌশলে একটি বসতঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রেরমুখে জিম্মি করে তাদের দিয়েই আশপাশের বসতঘরের লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। এরপর একই কৌশলে একে একে ছয়টি বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করে। ডাকাতরা ছয় বসতঘর থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ১৩টি মোবাইলফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
ডাকাতির সময় ফরহাদ নামে এক ব্যক্তিকে মারধরও করা হয়েছে। পরে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি ঘোষণা করা হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner