
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়ইয়া নতুন পাড়ায় সরকারী খাস খতিয়ানভূক্ত পাহাড় কাটা বন্ধের দু’দিন পর জরিমানা করা হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন এসিল্যান্ড পদ্মাসন সিংহ। অভিযুক্ত সাজু আরা বেগম ওই এলাকার প্রবাসী বশির আহমদের স্ত্রী।
জানা যায়, বিগত কিছুদিন ধরে উপজেলার পুটিবিলা সরই গ্রামের নতুন পাড়ায় সরকারী খাস খতিয়ানভূক্ত জায়গায় এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করে আসছিল অভিযুক্ত সাজু আরা বেগম। খবর পেয়ে গত ৮ ডিসেম্বর শনিবার রাত ৭টার দিকে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে পাহাড় কাটা বন্ধ করেন এসিল্যান্ড। ওই সময় তাঁর উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। পরে সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ তাৎক্ষণিকভাবে পাহাড় কাটা বন্ধ রেখে তাঁর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। অতঃপর এস্কেভেটর দিয়ে পাহাড় কাটার দু’দিন পর ২০ হাজার টাকা জরিমানা করা হয় অভিযুক্ত সাজু আরা বেগমকে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সনের ৬ এর (খ) ধারায় সাজু আরা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner