
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করায় ‘এবিএম’ নামে ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু। তিনি জানান, দেরাছ মিয়ার মালিকানাধীন ‘এবিএম’ ইটভাটায় জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভাটা থেকে জব্দ করা হয়েছে ৪০ মণ জ্বালানী কাঠ। জব্দকৃত জ্বালানী কাঠ নিলামে বিক্রি করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে আগামীতেও এ ধরণের অভিযান চালমান থাকবে।
অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী, থানার এসআই দুলাল বাড়ৈ, ইউএনও অফিসের সিএ সমির চক্রবর্তী ও বড়হাতিয়া বনবিট কর্মকর্তা আসাদুজ্জামান।

Lohagaranews24 Your Trusted News Partner