
নিউজ ডেক্স : নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানচি এই তিনটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ শনিবার (১২ নভেম্বর) বিকালে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা আরও চার দিন বৃদ্ধি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, “যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গত ১৮ অক্টোবর থেকে এবং থানচি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে পর্যটকদের ভ্রমণে ১২ নভেম্বর পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ষষ্ঠ দফায় সময়সীমা আরও ৪ দিন বাড়িয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি তিনটি উপজেলায় নিষেধাজ্ঞা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।”
এদিকে, নিষেধাজ্ঞার কারণে গোটা বান্দরবান জেলায় ধস নেমেছে পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা-বাণিজ্যে। পর্যটকশূন্য হয়ে পড়েছে জেলার দর্শনীয় পর্যটন স্পটগুলো।
এদিকে, নিষেধাজ্ঞায় রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণা, থানচি উপজেলার নাফাকুম, অমিয়কুম, বড়পাথর, রেমাক্রী, বাদুরগুহা, আন্ধারমানিক, বাকলাই ঝর্ণা’সহ আশপাশের দর্শণীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকরা।
Lohagaranews24 Your Trusted News Partner