
নিউজ ডেক্স: চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে ঢুকে সবাইকে বের করে দিয়ে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হামলায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী আহত হয়েছেন। পরে তিনি পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, যুবদল নেতা এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে। একপর্যায়ে তারা সেখানে অবস্থানরত অন্য সাংবাদিকদের প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং প্রকাশ্যে সাংবাদিক আবেদ আমিরীকে টেনে হিঁচড়ে বের করে মারধর করে হত্যার চেষ্টা চালায়।
আহত সাংবাদিক আবেদুজ্জামান আমিরী বলেন, আমরা প্রতিদিনের মতো পটিয়া প্রেস ক্লাবে বসেছিলাম। হঠাৎ এসএম রেজা রিপনের নেতৃত্বে একদল লোক প্রেস ক্লাবে প্রবেশ করে। তারা অন্য সাংবাদিকদের জোরপূর্বক প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং আমাকে টেনেহিঁচড়ে ক্লাব থেকে বের করে হত্যাচেষ্টা চালায়।
তিনি জানান, এসএম রেজা রিপনের নেতৃত্বে পটিয়ার শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু লুটের কারণে সরকারের ১৩৩ কোটি টাকার বাঁধ ঝুঁকিতে থাকায় দৈনিক যুগান্তরে গত ৬ মার্চ ‘শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সময় পটিয়া আসনের এমপির নির্দেশে বালু লুট বন্ধ হলে ক্ষুব্ধ হয়ে উঠেন রিপন। এরপর থেকে রিপন তাকে প্রাণনাশের পরিকল্পনা করে। বিষয়টি স্থানীয় এমপি ও পটিয়া থানার ওসিকে আগেই অবগত করা হয়েছিল।
এদিকে পটিয়া প্রেস ক্লাবের নেতারা অভিযোগ করে বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ঘটনার পর পটিয়ার সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসএম রেজা রিপনকে ফোন দেওয়া হলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner