
নিউজ ডেক্স : সাতকানিয়ায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক প্রতিবন্ধী তরুণের (২৩) মৃত্যু হয়েছে। সে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বুধবার রাত ১০টার দিকে সে নিজ বাড়িতে মারা যায়। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির জানান, প্রতিবন্ধী ছেলেটি গত চার-পাঁচ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাননি। এ অবস্থায় গত বুধবার রাত ১০টার দিকে প্রতিবন্ধী যুবকটির মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ওসমানী জানান, আমরা মৃত ছেলেটির পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন ছেলেটি আগে থেকেই অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের লোকজন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে এনেছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম জানান, সতর্কতার সাথে নিহত তরুণের লাশ দাফন-কাফনের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে নির্দেশনা দেয়া হয়েছে। নয়া দিগন্ত
Lohagaranews24 Your Trusted News Partner