
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ মো. শাহজাহান (২২) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকায় করোনার প্রভাব ঠেকাতে বসানো অস্থায়ী চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াবা পাচারকারী শাহজাহান কক্সবাজার পৌরসভার পশ্চিম পহারছড়া এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজি অটোরিক্সার যাত্রীবেশে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করছিল শাহজাহান। এ সময় চেকপোস্টে তল্লাশীকালে তার কথাবার্তা পুলিশের সন্দেহজনক হয়। পরে তার দেহ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ইয়াবাগুলো শরীরের মধ্যে বিশেষ কায়দায় রেখেছিল ও পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, চুনতি এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ যখন আতংকিত এ সুযোগে ইয়াবা পাচারকারীরা তৎপর হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner