
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কায় আনোয়ার হোসেন শুভ (২৬) নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি নরসিংদী পৌর এলাকার মৃত মুজিবুর রহমানের পুত্র।
এ ঘটনায় নারীসহ মাইক্রোবাসের ৭ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার মোহাম্মদ নুরু, মোবারক হোসেন, কফিল উদ্দিন, নাজমা আক্তার, নাদিয়া আক্তার, রঞ্জনা আক্তার ও মোছাম্মৎ বৃষ্টি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, নরসিংদী পৌর এলাকা থেকে ১০ জনের একটি দল মাইক্রোবাস যোগে ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। দুমড়ে-মুচড়ে গেছে মাইক্রোর সম্মুখভাগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি কর্মকর্তা এসআই মো. বাবুল মিয়া জানান, কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner