ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ছড়ার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন

লোহাগাড়ায় ছড়ার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ছড়ার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলি এলাকায় কুলপাগলি ছড়ার একাধিকস্থানে পাড় কেটে এই বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অন্যদিকে বাড়ছে ভূমিধস ও জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা।

জানা যায়, দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীনসহ খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে কুলপাগলির ছড়ার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ক্ষতিগ্রস্ত ইলিয়াছ চৌধুরী নামে এক ব্যক্তি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, ছড়ার পাড় কেটে বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ব্যাপারে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পান না। এভাবে ছড়ার পাড় কাটতে থাকলে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বেড়ে গিয়ে আশপাশের বসতঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি জীববৈচিত্র্যের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। প্রাকৃতিক জলাধার ও ছড়ার পাড় কেটে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে মাটির স্থিতিশীলতা নষ্ট হয় ও আকস্মিক ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, কুলপাগলির ছড়ার বিভিন্ন স্থানে পাড় কেটে বালু আহরণের জন্য তৈরি করা হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তের পাশে স্তুপ করে রাখা হয়েছে উত্তোলিত বালু। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন পরপর এসব গর্ত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্পট্রাকযোগে বিক্রি করে দেওয়া হয়। ছড়ার উভয় পাশে রয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত। এভাবে নির্বিচারে ছড়ার পাড় কেটে বালু উত্তোলনের ফলে বস্তীর্ণ কৃষিজমি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

স্থানীয় কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন, বর্ষা মৌসুমে পানি প্রবাহ বেড়ে গেলে এসব গর্তে পানি জমে থাকবে এবং পানির চাপ ও ¯্রােতের কারণে ধীরে ধীরে ভেঙে পড়বে ছড়ার পাড়। এতে একদিকে যেমন পাড় ভাঙন তীব্র আকার ধারণ করবে, অন্যদিকে কৃষিজমি বিলীন হওয়ার আশঙ্ক রয়েছে। এছাড়া এভাবে ছড়ার স্বাভাবিক গঠন বিনষ্ট করে বালু উত্তোলন করলে মাটির স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বর্ষা মৌসুমে আকস্মিক ভাঙন, ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। পাশাপাশি কৃষিজ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের উপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে এভাবে অবৈধ বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। তারা দ্রুত এই ধ্বংসযজ্ঞ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় অদূর ভবিষ্যতে তার ভয়াবহ পরিণতি পুরো এলাকার মানুষকেই বহন করতে হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ছড়ার পাড় কেটে বালু উত্তোলন আইনত দন্ডনীয় অপরাধ। এই ব্যাপারে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!