
নিউজ ডেক্স: চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে মনিকা আক্তার সোমা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) সন্ধ্যায় ওই এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিকা কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরাপাড়া এলাকার বাসিন্দা মো. জালালের মেয়ে।
পুলিশ জানায়, মনিকা ঘুমানোর কথা বলে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার বাবা ও বাসার ভাড়াটিয়ারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।