
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে পাহাড়ি বানর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি প্রাইভেটকার। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি একটি প্রাইভেটকার মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা পাহাড়ি বানরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে প্রাইভেটকারটি সড়ক থেকে ৫০ ফুট গভীর খাদে পানিতে পড়ে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ ৪ যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। খাদে পানি থাকায় যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

স্থানীয় মোহাম্মদ সোহাগ মিয়া জানান, জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের দুই পাশেই বনাঞ্চল রয়েছে। গাড়ি চলাচল ও লোকজনের আনাগোনা কম থাকলে অনেক সময় পাহাড়ি বানর মহাসড়কে চলে আসে। এছাড়া মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় বন্যাহাতি চলাচলের পথও রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে প্রাইভেটকার খাদে পড়ে যাবার বিষয়টি অবগত হয়েছিল। দুপুরে মালিক পক্ষ প্রাইভেটকারটি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner