
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার খতিবেরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২২০ রাউন্ড কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা। পুলিশ বলছে, গ্রেফতার দুজন অস্ত্র ব্যবসায়ী।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) এস এম মোস্তাইন হোসাইন।

গ্রেফতার দুজন হলেন হাটহাজারী উপজেলার গরদুয়ারা এলাকার ফরিদ আহমদের ছেলে মো. মহিউদ্দিন শিবলু (৩৯) ও তার সহযোগী নাটোর জেলার লালপুর এলাকার আয়েজ উদ্দিনের ছেলে মো. এনামুল হক (৩৫)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) এস এম মোস্তাইন হোসাইন বলেন, ‘মহিউদ্দিন শিবলু দীর্ঘদিন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার সহযোগী এনামুল হক অস্ত্র পরিবহনে নিয়োজিত ছিলেন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, অস্ত্র ব্যবসায়ী শিবলুর দুবাইতে বোরকার দোকান রয়েছে। তিনি বিদেশ থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবারহ করেন। তার সহযোগী এনামুল হক অস্ত্র পরিবহনের কাজ করতেন। নির্বাচনের আগে এসব অস্ত্র কোনও নাশকতার জন্য জড়ো করা হয়েছিল কি না তা জানার চেষ্টা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner