
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর হরিণা মেহের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বসতঘরে এসে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। একইদিন ক্ষতিগ্রস্ত মোহাম্মদ এহছানুল হক (৪৬) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার আমির আহমদের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল বসতঘর তালাবদ্ধ করে অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বামী এহছানুল হক। চিকিৎসা শেষে তারা আমিরাবাদ মল্লিক ছোবহান এলাকায় স্ত্রীর বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন সকালে এসে দেখতে পান বসতঘরের দরজার তালা ও হুক ভাঙা। চোরেরা বসতঘরের আলমিরায় রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এছাড়া চোরেরা তছনছ করে ফেলেছে বসতঘরের সব মালামাল।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner