
নিউজ ডেক্স: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বাড়বকুণ্ড এলাকার রেললাইনে মেরামতের কাজ করছিল। এ সময় রেলওয়ে স্টেশনের ডাউন লাইনে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন অতিক্রমকালে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এদিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, রেলওয়ে কর্মচারী রফিকুল ইসলাম সকালে রেল লাইনে মেরামতের কাজ করছিলেন। এ সময় দুইটি ট্রেনের মাঝে পড়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নিহত রফিকুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।
Lohagaranews24 Your Trusted News Partner