
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের গাবতলী এলাকায় টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় এক স্কুলশিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মো. এহছান উদ্দিন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর আগে কলাউজান ইউনিয়নের গাবতলী এলাকায় টংকাবতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে তিনি ও স্থানীয়রা বাধা দেন। এরপর গত ২৩ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আবারও ওই খাল থেকে বালু উত্তোলন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারীর দাবি, বালু উত্তোলনের কারণে এলাকার একটি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয়দের জানিয়ে লোহাগাড়া থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও বালু উত্তোলন শুরু করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এহছান উদ্দিন আরও অভিযোগ করেন, বালু উত্তোলনে বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁদের ওপর হামলা ও অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। এতে তিনি ও এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner