
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ডাকাতির ঘটনায় শফি আলম (৩৮) নামে আরো এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার শফি আলম কক্সবাজারের মহেশখালী থানার পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার পুত্র। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ জুন ভোররাতে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান ৫নং ওয়ার্ডের হাছান আলী মিয়াজী পাড়ায় প্রবাসীর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাওলানা আবুল কাশেম (৫৫) বাদী হয়ে ১০/১২ জনকে অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলা রুজু করেন। তারই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশখালীর পানিছড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত শফি আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোপূর্বে নুরুল হাশেম প্রকাশ কাশেম নামে গ্রেপ্তার অপর এক ডাকাত জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় শফি আলম জড়িত থাকার তথ্য দিয়েছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার শফি আলম পেশাদার ডাকাত। সে আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উক্ত ডাকাতির ঘটনায় গত ২১ জুন কক্সবাজারের চকরিয়া থানার বরইতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাল মিয়া দোকান এলাকার অভিযান চালিয়ে নুরুল হাশেম প্রকাশ কাশেম (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কাছ পাওয়া যায় ৪টি দেশীয় বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও ২টি মোবাইল সেটসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম।
Lohagaranews24 Your Trusted News Partner