
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আবদুল মোতালেব (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নালারকুল এলাকায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবদুল মোতালেব বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের মাইজ পাড়ার ফুলজানি বাপের বাড়ির মৃত আবদুল রশিদের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবদুল মোতালেব ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনারদিন সকাল থেকে ওই এলাকায় অনেকের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছেন।
বিকেলে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে আল আমিন কিন্ডার গার্টেন নামে এক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটে ঢুকে। দীর্ঘক্ষণ টয়লেট থেকে বের না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবহিত করেন। পরে স্থানীয় গ্রাম পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান টয়লেটের বৃদ্ধের মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার স্বামী বিভিন্ন এলাকায় গিয়ে ভিক্ষা করেন। রাতে মসজিদ ও মাজারে রাত কাটাতেন। গত সোমবার (১১ মে) তিনি বাড়ি থেকে বের হয়েছেন। তার মৃত্যুর খবর শুনে ছেলেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধ ২ ছেলে ও ৫ মেয়ের জনক।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner