Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি চবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি চবি শিক্ষার্থীদের

নিউজ ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ মহাসড়ককে দক্ষিণাঞ্চলের মরণফাঁদ উল্লেখ করে দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি জানান।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’, ‘এ মুহূর্তে দরকার, ৬ লেনের সংস্কার’, ‘ওয়ান লাইন নো মোর’, ‘৬ লাইনের সড়ক দে, টালবাহানা বাদ দে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আন্দুল মান্নান বলেন, ‘এটি আমাদের দীর্ঘদিনের দাবি। সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন আজকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান থাকা উচিত। আমাদের একটাই দাবি সড়কটি নির্মাণ করুন, রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করুন।’

চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর শত কোটি টাকার বাণিজ্য নির্ভরশীল হলেও দীর্ঘদিনের অবহেলায় এটি মৃত্যুঝুঁকি পূর্ণ সড়কে পরিণত হয়েছে। দ্রুত কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

চবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, নির্বাচনের সময় দেওয়া সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৬ লেনের পাশাপাশি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান তিনি।

দক্ষিণ চট্টগ্রামের পেকুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাতায়াত দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ফ্লাইওভার নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!