
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে চার ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে। এদের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ও সিক্সটি নাইন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। এর মধ্যে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগেও আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
তবে সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র্যাগ ডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক আছি। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner