
নিউজ ডেক্স: কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়া এলাকায় ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ মে) রাতের দিকে পূর্ব ফাতের ঘোনা এলাকার একটি ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন।
নিহত ফারজানা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার এজাহার মিয়ার মেয়ে। তিনি বাঁশখালী উপজেলার ইমনের স্ত্রী ছিলেন। দম্পতিটি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের পূর্ব ফাতের ঘোনা এলাকায় মইন উদ্দিনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

নিহতের মা নাছিমা আক্তার জানান, পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ফারজানা তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে স্বামী ইমনকে দিয়েছিলেন। এই টাকা নিয়ে তাদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য সোমবার চরম আকার ধারণ করে এবং উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে তারা ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পান।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের সময় স্বামী ইমনকে বাসায় পাওয়া যায়নি। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, ‘গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।’
Lohagaranews24 Your Trusted News Partner