
নিউজ ডেক্স : পটিয়া উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গত ৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টায় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের আলাউদ্দিন দফাদারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন (৩৫) ওই এলাকার মোঃ ইয়াছিনের পুত্র ও কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লশি ফাঁড়ির নায়েক মোঃ আমির জানান, দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ জানান, কোলাগাঁও এলাকায় জামাল উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের এবং সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ গালিব। স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল উদ্দিনের হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
Lohagaranews24 Your Trusted News Partner