Home | ব্রেকিং নিউজ | দীর্ঘ এক যুগেও হয়নি সংস্কার, লোহাগাড়ার কলাউজান বাংলাবাজার সড়ক

দীর্ঘ এক যুগেও হয়নি সংস্কার, লোহাগাড়ার কলাউজান বাংলাবাজার সড়ক

মোহাম্মদ মারুফ: লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাংলাবাজার সড়কটি দীর্ঘ এক যুগেও সংস্কার কিংবা উন্নয়নের মুখ দেখেনি। বছরের পর বছর ধরে খানাখন্দ, ভাঙাচোরা অংশ, ধুলাবালি ও কাদামাটির কারণে সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে হয়নি কোনো কার্যকর উদ্যোগ। ফলে প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাউজান বাংলাবাজার সড়কটি দিয়ে শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়, খতিজাতুল কোবরা দাখিল মহিলা মাদ্রাসা, শাহ মজিদিয়া হেফজখানা ও এতিমখানা, খালাসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ মজিদিয়া শিশু একাডেমী, গ্লোবাল ইনস্টিটিউট, ফাতেমা (রহ) এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থী এবং খালাসী পাড়া, বলি পাড়া, তেলি পাড়া, মেহেন্না বর পাড়া, সওদাগর পাড়া, হাসমত আলী পাড়া, বাহাদুর পাড়া, খলিল সিকদার বাড়ি, রাজা চেয়ারম্যান বাড়ি, করম আলী বর বাড়ি, মালী পাড়া, নাথ পাড়া ও তাঁতী পাড়ার মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এছাড়া প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও রোগী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের অনেকস্থানে ছোট-বড় গর্ত, কোথাও ইট উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে জমে যায় পানি আর কাদা। আবার শুষ্ক মৌসুমে উড়তে থাকে ধুলাবালি।

গত বৃহস্পতিবার (৭ মে) সরেজমিনে দেখা যায়, কলাউজান বাংলাবাজার সড়কটি তাঁতী পাড়া পর্যন্ত বিস্তৃত। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও ইটের অস্তিত্বও বিলীন হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে জমে থাকছে পানি আর কাদা। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও দুর্বিসহ হয়ে দাঁড়িয়েছে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাতে অন্ধকারে গর্ত এগিয়ে চলতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, বৃষ্টি হলেই শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক সময় শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। এছাড়া জরুরি রোগী হাসপাতালে নিতে গেলেও চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় আবদুস ছবুর জানান, কলাউজান বাংলাবাজার সড়কটি স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘ অবহেলার কারণে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সাথে কৃষি, ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো জানান, দীর্ঘদিন ধরে কলাউজান বাংলাবাজার সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির দুরবস্থার কারণে এলাকাবাসীকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলেই কাদা ও পানির কারণে চলাচল একেবারেই দুর্বিসহ হয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও এখনো টেকসই কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, কলাউজান ইউনিয়নের বাংলাবাজার সড়কটি সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ইতোমধ্যে প্রস্তাবনা উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবনা অনুমোদন পেলে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!