
নিউজ ডেক্স : মেডিকেল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও বিদেশগামীদের অগ্রাধিকারভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার জন্য মাঠ পর্যায়ের সব থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পর করোনার এই সময়েও এক সপ্তাহের মধ্যে জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে ছাত্র-শিক্ষক ও বিদেশগামীদের। এনআইডি অনুবিভাগের গবেষণা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আরাফাত আরা নির্দেশনাটি গত ৩ জুন মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতি প্রতিরোধ/মোকাবিলায় ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখার জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ছাত্র শিক্ষক ও বিদেশগামী ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দিতে ভোটার নিবন্ধন কার্যক্রম যথাসম্ভব দ্রুত সম্পন্ন করবেন।

এই ব্যাপারে চট্টগ্রামের সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান, যারা মেডিকেলের শিক্ষার্থী এবং শিক্ষক এনআইডির জন্য টিকা দিতে পারছেন না তাদেরকে আমরা জরুরি ভিত্তিতে এনআইডি কার্ড করে দিচ্ছি। আবার যারা প্রবাসী তাদেরকেও অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দিচ্ছি।
তারা অনলাইনে আবেদন করে আমাদের কাছে আসলে আমরা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা যাচাই-বাছাই করে ছবি তুলে এক সপ্তাহের মধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিচ্ছি। করোনাকালীন প্রথমে আমরা রুটিন করে একেকজন দায়িত্ব পালন করেছি। এখন সবাই নিয়মিত অফিস করছি। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner