
নিউজ ডেক্স : নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি মার্কেট থেকে অস্ত্র, গুলি ও ছুরিসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। খবর বাংলানিউজের।
রোববার (৯ ডিসেম্বর) রিয়াজউদ্দিন বাজারের আল্লাহর দান সুপার মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি, একটি চাপাতি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার চার ছিনতাইকারী হলো মো. সোহেল (২৭), মো. মামুন (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯) ও মো. আনোয়ার হোসেন (২০)।
জাহাঙ্গীর আলম বলেন, রিয়াজউদ্দিন বাজারের আল্লাহর দান সুপার মার্কেটে অভিযান চালিয়ে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি, একটি চাপাতি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার চার জনের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner