ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | আহত বন্ধুকে দেখতে যাবার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার যুবক

আহত বন্ধুকে দেখতে যাবার পথেই প্রাণ হারালেন লোহাগাড়ার যুবক

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার বিপরীতমুখি লেনে ঢুকে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহবুবুল করিম আবরার (২৫) নামে লোহাগাড়ার এক যুবক নিহত হয়েছেন।

তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ হরিণা নছু মৌলভী পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র ও নগরীর আন্দরকিল্লা এলাকার প্রিন্টিং ব্যবসায়ী। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুন্ডের ছোট দারোগাহাট এলাকার বিকেওয়াই জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আবরার নিজেই প্রাইভেটকার চালিয়ে দ্রুত গতিতে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে কারটি সড়ক বিভাজক অতিক্রম করে বিপরীতমুখি লেনে চলে যায়। এ সময় চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা কারের ভেতর থেকে গুরতর আহত আবরারকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী এডভোকেট আয়াত উল্লাহ জানান, প্রায় ১৫ দিন পূর্বে আবরারের বন্ধু উপজেলার আধুনগর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সওদাগর পাড়ার আরিফুর রহমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় বাইক দুর্ঘটনায় গুরতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনারদিন আবরার নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় চিকিৎসাধীন আহত বন্ধুকে দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় মাহবুবুল করিম আবরার নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!