
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার সর্বত্র নির্বাচনী হাওয়া প্রচন্ড বেগে বইতে শুরু করেছে। বিশেষ করে গত ২৩ ফেব্রুয়ারী আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন দাওয়াত, সামাজিক অনুষ্ঠান ও হাট-বাজার চষে বেড়াচ্ছেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সংগঠনের উপজেলার সভাপতি খোরশেদ আলম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

লোহাগাড়া নির্বাচন অফিসে দায়িত্বপ্রাপ্ত খলিলুর রহমান জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী বাবুল, এস এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন ও মাহমুদুল হক পেয়ারু।
ভাইস চেয়ারম্যান পদে এম ইব্রাহিম কবির, আবদুল জলিল মেম্বার, মিজানুর রহমান, এম এস মামুন, দিল মোহাম্মদ, আরমান বাবু রোমেল ও রতন কান্তি দাশ ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা নুরুল আবছারের স্ত্রী জেসমিন আক্তার, এস এম আবদুল জব্বারের স্ত্রী জেসমিন আক্তার, শাহিন আক্তার ও পারভিন আক্তার ।
আগামী ২৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ এবং আগামী ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। লোহাগাড়ার ৯ ইউনিয়নের ১ লাখ ৯৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিস নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner