
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে ডলুখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ডলু খালে আমিরাবাদ বালুমহল-১ এর ইজারাদার আইন ভঙ্গ করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইজাদারের প্রতিনিধি জনৈক মো. জুবাইরকে (২৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ইজারার নির্দিষ্ট জায়গা ব্যতিত অন্য স্থান থেকে বালু উত্তোলন করবে না মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

অভিযানে সাথে ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই রহুল আমিন, উপজেলা ভূমি অফিসের কাননগো মিজানুর রশিদ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. শরফুদ্দিন সাদি ও স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারপু।
Lohagaranews24 Your Trusted News Partner