
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মালবাহী ট্রলি খাদে পড়ে চালকসহ ২ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার উত্তর হারবাং’র মৃত সোলতান আহমদের পুত্র নির্মাণ শ্রমিক আবদুল হাকিম (৪৫) ও উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকার মৃত এখলাছ মিয়ার পুত্র ট্রলি চালক মোঃ ইসমাইল (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ আমিন (৪৯)। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রহমানিয়া পাড়ার মৃত হামিদ হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন থেকে মালবোঝাই ট্রলি নির্মাণ সামগ্রী নিয়ে আজিজনগর যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নির্মাণ শ্রমিক আবদুল হাকিম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত ইসমাইল ও আমিনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল নিহত হন। আহত আমিনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner