
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে বন্যহাতির আক্রমণে মা-মেয়ে আহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেঁদিরপুনি বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার রূপন বড়ুয়ার স্ত্রী সুপ্তি বড়ুয়া (৩০) ও মেয়ে রোদেলা বড়ুয়া (৪)। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রূপন বড়ুয়া জানান, বাড়ির পাশে রাস্তা দিয়ে ছোট-বড় ৫টি বন্যহাতির দল চলাচল করছিল। এ সময় পিছন থেকে বন্যহাতি শুঁড় দিয়ে মা-মেয়েকে আঘাত করে চলে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। পরে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাসেবা নিচ্ছেন। হাতির আক্রমণে তার স্ত্রীর হাড়ও ভেঙ্গে গেছে বলে জানান তিনি।

পদুয়া রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা মুনতাছির রহমান জানান, বন্যহাতির দল লোকালয়ের আসার খবর জেনেছেন। বনবিভাগের লোকজন কৌশলে হাতির দলকে বনাঞ্চলে ফেরাতে সক্ষম হয়েছেন। আহতরা লিখিত আবেদন করলে চিকিৎসা খরচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner