
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বা ইউপি চেয়ারম্যান, মেম্বার ও দফাদারের বিরুদ্ধে এক কৃষক পরিবারের পৈত্রিক জায়গায় গৃহ নির্মাণ কাজে বাধা, টাকা দাবী, শ্লীলতাহানী ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ আগস্ট) সকালে ভূক্তভোগী পরিবার উপজেলা সদর বটতলী স্টেশনে এক রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী পরিবারের সদস্য চরম্বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খয়রাতি পাড়ার মৃত মিয়া হোসেনের কন্যা ছমুদা খাতুন। তিনি জানান, তার ছোট ভাই নাছির উদ্দিন পৈত্রিক বসতভিটায় গৃহ নির্মাণ করতে গেলে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় আবুল হোসেন, জামাল উদ্দিন গংরা বাধা দেয়। পরে তাদের প্ররোচনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন ও ইউপি সদস্য আবদুশ শুক্কুর প্রকাশ কালু মেম্বার গৃহ নির্মাণ কাজে বাধা দেয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে ২ লাখ টাকা দাবী করেন। অন্যথায় গৃহ নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন।
তাদের দাবীকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে কয়েক দফায় দফাদার লিটন ও বহিরাগত লোকজন দিয়ে তাদেরকে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে দফাদার লিটন তাকে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। গৃহ নির্মাণের জন্য মজুদ করা প্রায় ১৮ লাখ টাকার লোহা, বালু, ইট ও কংকর নষ্ট হয়ে যাচ্ছে। তাদের হুমকি-ধমকিতে বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মুহাম্মদ বেলাল উদ্দিন, হুরাইন জান্নাত, জয়নাব বেগম, ইছমত আরা বেগম ও মিজানুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, ইউপি সদস্য আবদুশ শুক্কুর প্রকাশ কালু মেম্বার এবং দফাদার লিটন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner