
এলনিউজ২৪টকম : লোহাগাড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করায় রাজা মিয়া (২৪) নামে এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। দন্ডপ্রাপ্ত রাজা মিয়া কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি পেশায় রিক্সাচালক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাল পাড়া এলাকায় বাড়ি থেকে স্কুলে যাবার পথে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অশালীন আচরণ করে উত্যক্ত করতে থাকে এক বখাটে যুবক। এক পর্যায়ে স্কুলছাত্রীর পথরোধ করে জোরপূর্বক হাত ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রী দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বখাটে যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এ সময় উপস্থিত লোকজনের সাক্ষ্য গ্রহণ ও অভিযুক্ত যুবক দোষ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পরে সাজা পরোয়ানার মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণের জন্য থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। একইদিন তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner