
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পদুয়া তেওয়ারিহাট, আমিরাবাদ বটতলী বাজার, আধুনগর খাঁন হাট ও চুনতি ডেপুটি বাজারস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নির্ধারিত জায়গা দখলমুক্ত রাখতে ইজারাদারদের নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেন।
জানা যায়, গত ৪ মে দোহাজারী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়। পত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কের এলাকা দখলমুক্ত রাখা জরুরি। কিন্তু বিভিন্ন স্থানে হাট-বাজার ও দোকানের সামনে পশুর হাট বসানো এবং পণ্য লোডিং-আনলোডিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় মহাসড়কের পাশে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী হাট-বাজারগুলোর সামনে পশুর হাট বসানো এবং সড়কের ওপর পণ্য ওঠানামা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়ন হলে ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কের উভয় পাশে নির্ধারিত জায়গায় স্থায়ী ও অস্থায়ী হাট-বাজারে পশুর হাট ও পণ্য লোডিং-আনলোডিং কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট বাজারের ইজাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner