
নিউজ ডেক্স : বাঁশখালী উপজেলার গন্ডামারায় বিদ্যুৎস্পৃষ্টে মো. বোরহান উদ্দীন (২৪) নামের এক যুবক মারা গেছেন। গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শের ঘটনা ঘটে।
পূর্ব বড়ঘোনা এলাকার আরিফুর রহমানের দ্বিতীয় পুত্র মো. বোরহান উদ্দীন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন বলে জানা যায়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করতে আনা নিহত বোরহান উদ্দীনের ভাই মাওলানা মিসবাহ উদ্দীন আরেফি বলেন, আমাদের বাড়ির পানির মোটর পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকেরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাবরিনা জাহান মিলি বলেন, হাসপাতালে আনার আগেই বোরহান উদ্দীন মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এদিকে বোরহান উদ্দীনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য বাঁশখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner