
নিউজ ডেক্স : পতেঙ্গা থানাধীন সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) পাশে একটি নবজাতক কুড়িয়ে পেয়েছেন স্থানীয় কাউন্সিলর শাহানুর বেগম। রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জানান, তার স্ত্রী ৩৯, ৪০ ও ৪১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর বেগম সালিস থেকে ফেরার পথে এসএপিএলের সামনে জটলা দেখতে পান। তিনি দ্রুত সেখানে গিয়ে দেখেন একটি সদ্যজাত ছেলে পড়ে আছে।এরপর ছেলেটিকে কুড়িয়ে চমেক হাসপাতালে শিশুস্বাস্থ্য বিভাগে নিয়ে যান। বর্তমানে ছেলেটি সুস্থ আছে।

মো. জয়নাল আবেদীন বলেন, আমার তিন ছেলে তিন মেয়ে। এখন ছেলেটির রিজিক যদি আল্লাহ আমাদের সঙ্গে রাখেন তাহলে আমরা খুশি হবো। মানুষ তো মানুষের জন্যই। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner