
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের দয়ার পাড়ার বোয়ালিয়া খাল সংলগ্ন এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে লাশের ছবি দেখে স্বজনরা তাকে চিনতে পেরেছেন।
নিহত ব্যক্তির নাম রেজাউল করিম প্রকাশ শহর আলী (৩৫)। তিনি চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুরুত্যাখালী এলাকার মৃত রেজাউল করিমের ছেলে ও ৪ সন্তানের জনক। পেশায় দিনমজুর।
নিহতের ফুফু দিলু আরা বেগম মুঠোফোনে জানান, তার ভাতিজা মাঝে মাঝে মানসিক সমস্যায় ভুগেন। প্রায় সপ্তাহ খানেক আগে কাজের সন্ধানে লোহাগাড়ায় যান রেজাউল করিম। উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট এলাকায় তার বোনের শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। সেখানে অবস্থানকালে রেজাউল করিম উল্টাপাল্টা কথা বলায় বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা নেয়ার জন্য বলেন তার বোন। গত বৃহস্পতিবার বাড়ি যাবার উদ্দেশ্যে তিনি বোনের শ্বশুরালয় থেকে বের হন। প্রায় ৬ মাস পূর্বেও মানসিক সমস্যার কারণে উল্টাপাল্টা কথা বলায় লোহাগাড়ায় মারধরের শিকার হয়েছিল। সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাতিজার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। লাশের কোন স্বজনকে না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামের দায়িত্বে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দয়ার পাড়ার ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner