
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের চকবাজার ও ইস্পাহানী গেট এলাকায় গাড়ির ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী এলাকার মো. ছমর উদ্দিন সিকদারের ছেলে মো. হেলাল উদ্দিন সিকদার (২৭)।
চকবাজার থানার এসআই আনিসুর রহমান শিবলী বলেন, ‘মেহেদীবাগ রোডে ন্যাশনাল হাসপাতালের অদূরে একটি কাভার্ডভ্যান সাইড করে রাখার জন্য পেছনের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে নিউমার্কেট থেকে আসা ৩ নম্বর রুটের একটি বাসকে ধাক্কা দেয়। এতে দরজায় দাঁড়ানো বাসের হেলপার হেলাল রাস্তায় পড়ে যান এবং কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন সিকদার বলেন, ‘বুধবার রাতে চকবাজার থানার ন্যাশনাল হাসপাতালের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় অপর একটি গাড়ির হেলপার হেলাল উদ্দিন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া নগরের রেল গেটে এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ২০ বছর।’ নিহত দুই যুবকের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner