
নিউজ ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদলের সদস্যদের গ্রেফতার অভিযান চলাকালে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ডে জড়িত চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া অন্য চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।নির্দোষ প্রমাণিত পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর এ রায় দেন।
মামলার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হত্যার ঘটনায় আলাদা অস্ত্র মামলারও রায় হয়েছে। সেই মামলার কয়েক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি ঠেকাতে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩)। ঘটনাটি তখন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা মামলা করেন। একই ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন অস্ত্র আইনে আরও একটি মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ দুই মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে দোষী সাব্যস্ত আসামিদের সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে এজাহারভুক্ত কয়েকজনের সম্পৃক্ততা না পাওয়ায় মামলা থেকে বাদ দেওয়া হয় তাদের। যুক্ত করা হয় নতুন কয়েকজনকে।
এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজার আদালত অঙ্গনে সকাল থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রায় ঘোষণার পর দণ্ড পাওয়া আসামিদের কড়া পাহারায় পাঠানো হয় কারাগারে।
Lohagaranews24 Your Trusted News Partner