
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মদিনায় ব্রেইন স্ট্রোকে মোহাম্মদ সোহাইল (২৩) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সোহাইল উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান খালাদাদ খাঁন পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ২০ দিন পূর্বে অসুস্থ হয়ে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি হন সোহাইল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি ব্রেইন স্ট্রোক করেছেন বলে জানায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। ফলে তাকে প্রায় দুই সপ্তাহ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত সোহাইল প্রায় ৫ বছর যাবত সৌদি আরবের মদিনায় অবস্থান করে আসছিলেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে সেখানেই দাফন করা হবে পারিবারিক সূত্র জানায়। এদিকে, সোহাইলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner