
নিউজ ডেক্স: চট্টগ্রামের সাতকানিয়ায় পরিকল্পিত ফাঁদে ফেলে ভিডিও ধারণ এবং পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে নারীসহ চারজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সজল কান্তি দাশ নামে এক ওঝাকে টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ফাঁদ পাতে। প্রথমে এক নারী তার কক্ষে প্রবেশ করে কৌশলে তাকে জড়িয়ে ধরে। এ সময় তার ব্যাগে থাকা গোপন ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করা হয়। কিছুক্ষণ পর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নুরুল আবছারসহ আরও দুই ব্যক্তি কক্ষে ঢুকে ওই ভিডিও দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী সজল কান্তি দাশ জানান, তারা ভিডিও প্রকাশ করে সম্মানহানির হুমকি দেয়। পরিস্থিতির চাপে তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও অভিযুক্তরা ২ লাখ টাকার নিচে কোনো সমঝোতায় রাজি হননি। পরে বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযুক্তদের আটক করেন।
এ সময় উত্তেজিত এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল আবছার, ইয়াছমিন আক্তার, জাহাঙ্গীর আলম ও জয়নাল উদ্দিন। তাদের বাড়ি বাঁশখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলায়। প্রাথমিকভাবে তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -ঢাকা পোস্ট
Lohagaranews24 Your Trusted News Partner