
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে পুকুরে ভাসমান অবস্থায় মোহাম্মদ নাবিল (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের বাগান পাড়ার এক পুকুরে তার লাশ পাওয়া যায়।
সে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাঙ্গা পাহাড় এলাকার মৃত আহমদ কবিরের পুত্র ও চুনতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তারা দীর্ঘদিন যাবত স্বপরিবারে নানা বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তরুণের বড় বোন কাশেপা সাদেকা জানান, তার ভাই কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রায় সময় সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে যেত। গত রোববারও সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে বাগান পাড়াস্থ তার শ্বশুরালয়ে চলে আসে। সেখান থেকেও সকলের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি সন্নিহিত পুকুর পাড়ে তার পায়ের সেন্ডেল পাওয়া যায় এবং পুকুরে অনেকক্ষণ খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে পুকুরে নাবিলের ভাসমান লাশ পাওয়া যায়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজওয়ানুল ইসলাম জানান, এ ব্যাপারে তাকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner