ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

লোহাগাড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বদিউল আলম (৫৫) এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদের পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বদিউল আলম ওই এলাকার মৃত হাবিব উল্লাহর পুত্র।

শিশুর পিতা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত বদিউল আলমের পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের মতো ওই সময় ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু বসতঘরের উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত বদিউল আলম গাছের পাকা পেয়ারা খাওয়ানোর কথা বলে শিশুদের ডাক দেয়। পরে প্রত্যেক শিশুকে একটি করে পেয়ারা দিয়ে চলে যেতে বললেও ভুক্তভোগী শিশুটিকে পেয়ারা দেওয়ার পর নিজের ফাঁকা বসতঘরে নিয়ে যান। বিষয়টি শিশুটির কয়েক বছরের বড় ভাইয়ের সন্দেহ হলে সে দ্রুত মাকে জানায়।

পরে পরিবারের সদস্যরা অভিযুক্তের ঘরে গিয়ে শিশুটিকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রয়োজনীয় পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত বৃদ্ধকে আটক করে মারধরের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে আরো জানায়, প্রায় ১৫ বছর আগে পার্শ্ববর্তী পদ্ধশীল এলাকায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করেছিলেন। তবে সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুর প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!